(২৮৭) নানা চাপের মুখে

Monday, March 28, 2011 Unknown
মার্জিন লোনের নীতিমালা, বুকবিল্ডিং পদ্ধতি, মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তাই এই চার ইস্যু নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এখন নানা চাপের মুখে।
ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও পাবলিক লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) উল্লিখিত বিষয়ে দ্বিমত রয়েছে। তাই এসইসি বিষয়টি নিয়ে দোটানায় রয়েছে এসইসি।

জানা যায়, মার্জিন লোন পরিবর্তনের সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করে। মার্জিন লোন নিয়ে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে একাধিকবার তোপের মুখে পড়েছে এসইসি। ফলে মার্জিন লোনের বিষয়টি এড়াতে এসইসি বিএমবিএ ও দুই স্টক এক্সচেঞ্জকে নীতিমালা তৈরীর নির্দেশ দেয়।

বিএমবিএ একটি খসড়া নীতিমালা তৈরি করলেও স্টক এক্সচেঞ্জ মার্জিন লোনের নীতিমালা তৈরির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। বরাবরই মার্জিন লোনের সিদ্ধান্ত বাজারের জন্য সংবেদনশীল তথ্য হিসেবে কাজ করে। তাই মার্জিন লোনের সিদ্ধান্তের ভার কোনো প্রতিষ্ঠানই নিচ্ছে না।

বিএমবিএ ১:২ বহাল রেখে খসড়া প্রস্তাবনা তৈরি করেছে। এসইসিও এ প্রস্তাবনাকে চুড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্টক এক্সচেঞ্জের অনিহার কারণে বিএমবিএ চুড়ান্ত প্রস্তাবনা এসইসিতে জমা দিচ্ছে না। ফলে প্রায় দুই মাস পার হলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না।

মার্জিন লোনের ব্যাপারে স্টক এক্সচেঞ্জ ও বিএমবিএর অনাগ্রহের কথা জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে বিএমবিএর সভাপতি শেখ মর্তুজা আহমেদ বাংলানিউজকে বলেন, বিএমবিএ একটি প্রস্তাবনা জমা দিয়েছিল। পরে এসইসির নির্দেশে সেখানে নতুন কিছু সংযোযন বিয়োজন করা হচ্ছে। এ ব্যাপারে আমরা একটি কমিটি করেছি।

জনতা ইনভেস্টমেন্টর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর মিয়াকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়টি নিয়ে কাজ করছে।

বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন করে এসইসি একটি প্রস্তাবনা তৈরি করেছে। এ প্রস্তাবনাটি দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি ও বিএমবিএ এ চার প্রতিষ্ঠানের সঙ্গে এসইসি গত ২১ মার্চ একটি বৈঠক করে। বৈঠকে বিএপিএলসির সভাপতি সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই দ্বিমত পোষণ করে। ফলে পুনরায় পর্যালোচনার প্রস্তাবনাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে।

গত ২৬ মার্চ এ চার প্রতিষ্ঠান বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে বৈঠকে বসে। বৈঠকে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বুকবিল্ডিং পদ্ধতি সংশোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে সিএসইর প্রেসিডেন্ট ফখরুদ্দীন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্টে বুকবিল্ডিং পদ্ধতি নিয়ে কোনো ত্রুটি চিহ্নিত করা হতে পারে কিংবা কোনো পরামর্শ বা সুপারিশ থাকতে পারে। সেক্ষেত্রে সকল ত্রুটি, পরামর্শ ও সুপারিশ নিয়ে সংশোধনে আসতে হবে। এজন্য আপাতত এ পদ্ধতির সংস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে এ প্রতিষ্ঠানগুলোর মতামত না পাওয়ায় এসইসিও বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে চুড়ান্ত প্রস্তাবনা অর্থমন্ত্রণালয়ে পাঠাতে পারছে না।

মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে এসইসি। কোম্পানিদুটিকে তালিকাভুক্তির জন্য এসইসি নির্দেশনা দিলেও দুই স্টক এক্সচেঞ্জ বিপক্ষে অবস্থান নিয়েছে।

এসইসি থেকে তালিকাভুক্তির জন্য যে শর্ত দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জ সে শর্তগুলোকে তালিকাভুক্তির আইন পরিপন্থী মনে করছে। এজন্য এসইসি দুই সপ্তাহ সময় বাড়িয়েছে। তবে এ সময়েও স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত করবে না বলে জানা গেছে। ফলে এসইসি থেকে তালিকাভুক্তির বিষয়টি হাইকোর্টে পাঠানো হতে পারে।

এ ব্যাপারে ডিএসইর পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেন, যেহেতু কোম্পানিটি বাইব্যাক থেকে সরে এসে ক্ষতিপূরনের শর্ত দিচ্ছে। সেহেতু ডিএসই এ শর্তে কোম্পানিকে তালিকাভুক্ত করবে না। কোম্পানিটির স্পন্সররা যদি বাইব্যাকের শর্তে রাজি হয় তাহলে তালিকাভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

(২৮৬) কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ

Monday, March 28, 2011 Unknown
পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন স্টেক হোল্ডাররা। আজ সোমবার সকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ অভিমত দেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর কমিটির সুপারিশ থাকলে সে অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রয়েছে। এটা বন্ধ থাকুক। তদন্ত কমিটির রিপোর্টে যথাযথ সুপারিশ অনুযায়ী এটা সংশোধন করা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ পাবলিকলি লিস্টেট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(২৮৫) চার দিন

Monday, March 28, 2011 Unknown
চার দিন নিম্নমুখী থাকার পর আজ সোমবার দেশের পুঁজিবাজার ছিল চাঙা, বেড়েছে বেশির ভাগ শেয়ারের দামও। আজ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতেই শেয়ারের দাম বাড়ে।
ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ২৫টির দাম বাড়ে। এ ছাড়া সিমেন্ট খাতে পাঁচটির মধ্যে সবকটির, সিরামিক খাতে পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতে ২৩টির মধ্যে ২০টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সবকটির, খাদ্য খাতের ১৫টির মধ্যে ১৪টির, জ্বালানি খাতে ১১টির মধ্যে ১০টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪২টির, আইটি খাতের পাঁচটির মধ্যে সবকটির, বিবিধ খাতে নয়টির মধ্যে সবকটির, মিউচুয়াল ফান্ড খাতে ৩৩টির মধ্যে ২৯টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২৩টির ও টেলিযোগাযোগ খাতে একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনেরও দাম বাড়ে।
ডিএসইতে আজ চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৮.৮৯ পয়েন্ট বেড়ে ৬২৪৩.৫৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৯টির কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৯০ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা বেশি। ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, আরএন স্পিনিং, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গোল্ডেন সন, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং ও এনবিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯০.৪৯ পয়েন্ট বেড়ে ১৭৫৩৭.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৯০ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।

(২৮৫)সোমবার সকাল ১১টায় বৈঠক(পুরাতন খবর)

Sunday, March 27, 2011 Unknown
বুকবিল্ডিং পদ্ধতি নিয়ে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) সকাল ১১টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এসইসি সূত্রে এতথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি এবং বিএমবিএর নেতারা বুকবিল্ডিং পদ্ধতির সংস্কার নিয়ে তাদের মতামত দিবেন। ইতিমধ্যে এ চার প্রতিষ্ঠান পৃথক একটি বৈঠক করেছে। বৈঠকে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এ পদ্ধতির সংস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এসইসিকে এ সিদ্ধান্তের কথা জানানো হবে। বুকবিল্ডিং পদ্ধতির সংস্কার নিয়ে গত ২১ মার্চ এসইসিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসইসির পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি এবং বিএমবিএর নেতাদের কাছে সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরা হয়। ওই বৈঠকে বিএপিএলসির চেয়ারম্যান সালমান এফ রহমান শেয়ারের মূল্য নির্ধারণে জটিলতা এড়াতে বুকবিল্ডিং পদ্ধতি বাতিলের প্রস্তাব করেছিলেন। তিনি নির্ধারিত মূল্য (ফিক্সড প্রাইস) পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির প্রস্তাব করেন। তবে ডিএসই-সিএসই, বিএমবিএ প্রতিনিধি এবং এসইসি কর্মকর্তারা তার এই প্রস্তাবের বিরোধিতা করেন। ওই বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি এবং বিএমবিএ প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে এসইসির প্রস্তাবের ওপর কোনো মতামত জানাতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে পরবর্তীতে আরেকটি বৈঠক করে সব প্রতিষ্ঠানের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিনই ২৮ মার্চ বুকবিল্ডিং পদ্ধতি নিয়ে আরেকটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রস্তাবের ওপর নিজ নিজ ফোরামে আলোচনার পর বৈঠকে মতামত পেশ করার কথা রয়েছে।

(২৮৪) গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে

Sunday, March 27, 2011 Unknown
business opportunity
প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণের বুক বিল্ডিং পদ্ধতি এখনই আবার সচল করার পক্ষে নয় দেশের দুই স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
সংগঠনগুলো চাইছে শেয়ারবাজারবিষয়ক তদন্ত কমিটি বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে কী ধরনের সুপারিশ দেয়, সেটি দেখেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে। এ জন্য তারা বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীর খসড়া প্রস্তাবের ওপরও আপাতত আর কোনো মতামত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল শনিবার উল্লিখিত চারটি প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন বলে জানা গেছে।
বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিএপিএলসি ও বিএমবিএর নেতারা উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে সিএসইর সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বুক বিল্ডিং সংশোধনী নিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) খসড়া প্রস্তাবের ওপর কাল সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাজারের স্বার্থে আমরা যাতে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ মতামত দিতে পারি, সে জন্যই নিজেদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক করেছি।’ বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে সিএসইর সভাপতি বলেন, ‘বুক বিল্ডিং পদ্ধতি নানা কারণে ঠিকভাবে কাজ করেনি। ফলে পদ্ধতিটি বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে পদ্ধতিটি স্থগিত করা হয়েছে। তাই আমরা মনে করছি, এ ব্যাপারে তদন্ত কমিটির মতামত পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।’
সিএসইর সভাপতি আরও বলেন, যত দিন পর্যন্ত বুক বিল্ডিং পুনরায় চালু না হবে, তত দিন পর্যন্ত কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে চাইলে স্থিরমূল্য পদ্ধতিতে তা করতে হবে। বাজারে যাতে শেয়ারের ঘাটতি তৈরি না হয়, সে জন্য এ পদ্ধতিতে কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসতে হবে।
বর্তমানে বুক বিল্ডিং পদ্ধতিতে ৪৮টির মতো কোম্পানি বাজারে আসার অপেক্ষায় রয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে, এর মধ্যে ১২ থেকে ১৩টি কোম্পানি স্থিরমূল্য পদ্ধতিতে বাজারে আসতে রাজি আছে।
ফখরউদ্দীন আলী আহমেদ এসব কোম্পানিকে দ্রুত বাজারে আনার ব্যাপারে তাগিদ দেন।

(২৮৩) কোনো সংশয়ের অবকাশ নেই

Saturday, March 26, 2011 Unknown
একটি বিদেশি সংস্থা ফান্ডটির বিষয়ে বিরূপ মন্তব্যের ব্যাপারে ফায়েকুজ্জামান বলেন, ‘আমরা এখানে নেতিবাচক কিছু দেখছি না। এটি একটি মিউচুয়াল ফান্ড। পুঁজিবাজার আইনে মিউচুয়াল ফান্ডের সব নিয়ম মেনেই ফান্ডটি আসছে। তিনি আরও বলেন, পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর গত ৬ মার্চ ‘বাংলাদেশ ফান্ড’ নামে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়। এই ফান্ডের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং বাকি ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়ানো হতে পারে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে। তহবিলের মূল উদ্যোক্তা আইসিবি। প্রাথমিকভাবে সহযোগী উদ্যোক্তা হিসেবে রয়েছে চার রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

(২৮২) ফান্ডটির অনুমোদন নিয়ে গত বৃহস্পতিবার

Saturday, March 26, 2011 Unknown
ফায়েকুজ্জামান বলেন, মূল উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে আইসিবির পরিচালনা পর্ষদ ফান্ডের ১০ শতাংশ অর্থাত্ ৫০০ কোটি অনুমোদন করেছে। সহ-উদ্যোক্তা হিসেবে সোনালী ব্যাংকের ২০০ কোটি, জনতা ব্যাংকের ২০০ কোটি, রূপালী ব্যাংক ১০০ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০০ কোটি, সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। এ ছাড়া অগ্রণী ব্যাংক ও জীবন বীমা করপোরেশন মিলে বাকি ৩০০ কোটি টাকা দেবে বলে মৌখিকভাবে জানিয়েছে। তিনি জানান, ফান্ডটির অনুমোদন নিয়ে গত বৃহস্পতিবার এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। উদ্যোক্তাদের অংশ চূড়ান্ত হলেই অনুমোদন করা হবে। এসইসির অনুমোদন পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ফান্ডটি বাজারে আসবে।

(২৮১) ফান্ড গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত

Saturday, March 26, 2011 Unknown
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশের অংশগ্রহণ প্রায় চূড়ান্ত হয়েছে। দুই-একদিনের মধ্যে ফান্ডটি চুড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে। এসইসির অনুমোদন পাওয়ার পর ফান্ডটি বাজারে আসবে। ফান্ডের মূল উদ্যোক্তা রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এসব তথ্য জানান।

Blog Archive