(১৩৫০) থেমে থাকেনি

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

১৫ দফা দাবিতে এই ধর্মঘটে বিনিয়োগকারীরা হাতে কালো পতাকা নিয়ে অবস্থান করছেন।

রোববার বেলা পৌনে ১২টা থেকে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বাজেট ঘোষণার আগ পর্যন্ত প্রতিদিনই এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী ও গভর্নরকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বাজেটে পুঁজিবাজার সম্পর্কে সুনির্দিষ্ট বিষয়গুলো স্পষ্ট করতে হবে।’

একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করারও দাবি জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনিয়োগকারী আলমগীর হোসেন, কাজী নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফয়সাল আহমেদ, মো. মিজান প্রমুখ।

গত বৃহস্পতিবার পুঁজিবাজারে ব্যাপক দরপতনের ফলে বিক্ষোভ মিছিল করেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। এছাড়া বাজেটের আগ পর্যন্ত তারা পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখারও দাবি জানান।

পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফেরাতে ওইদিন ১৫ দফা দাবিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এসইসিকে স্মারকলিপি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার এই অবস্থান ধর্মঘট কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

এসইসির কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো ছিল- বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএলআর ও সিআরআরের হার কমানো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের হার ২০ শতাংশ নির্ধারণ করা (যা বর্তমানে ২ থেকে ২.৫ শত্যাংশের বেশি নয়), দুর্নীতিবাজদের পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করার মাধ্যমে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, গত অর্থ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে যে মুনাফা অর্জন করেছে তা পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি পরিচালকদের বোনাস ও রাইটস শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছর স্থগিতাদেশ ঘোষণা করা, প্লেসমেন্টর টাকা অতিদ্রুত ফেরত দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসই থেকে একজন করে প্রতিনিধি ও সাধারণ বিনিয়োগকারীদের ৩ জন প্রতিনিধি নিয়ে ৭ জনের সমম্বয়ে মার্কেট মনিটরিং সেল গঠন করা। অযৌক্তিক হারে প্রিমিয়াম নিয়ে প্রাইমারি শেয়ার বাজারে আসা বন্ধ করা, মার্জিন লোনের হার ১:২ কার্যকর করা, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংগুলোর শেয়ার লেনদেনে কমিশন ন্যূনতম ০ দশমিক ২৫ শতাংশ ধার্য করা, শেয়ারবাজারের সঠিক সূচক নির্নয় করা, বাজেটে কালো টাকা সাদা করার জন্য শর্ত সাপেক্ষে শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া, শক্তিশালী মৌল ভিত্তিসম্মন্ন শেয়ারের ক্ষেত্রে উর্ধ্বমুখি মূল্য দশ শতাংশ থেকে ২০ শতাংশ করা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করা এবং মার্চেন্ট ব্যাংক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাবিগুলো বাস্তবায়ন করা।

(১৩৪৯) নিয়োগপত্র হাতে পেয়েছি। এখনো সিদ্ধান্ত নিইনি

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: সরকার এসইসির আরো দু’জন সদস্য নিয়োগ করেছে। এরা হচ্ছেন আমজাদ হোসেন ও আরিফ। আমজাদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। অন্যদিকে আরিফ খান জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান এমডি। এর আগে তিনি আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

আরিফ খানের সঙ্গে দুপুরে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগপত্র হাতে পেয়েছি। এখনো সিদ্ধান্ত নিইনি। এ মুহূর্তে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবো । তারপর সিদ্ধান্ত নেবো।

(১৩৪৮) ৪৬ হাজার কোটি টাকা অনুমোদন

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: জাতীয় অর্থনীতি পরিষদের (এনইসি) সভায় ২০১১-১২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৪৬ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

২০১০-১১ অর্থ বছরের তুলনায় ২০১১-১২ অর্থ বছরের বরাদ্দ ১০,১৭০ কোটি টাকা (সংশোধিত এডিপি বিবেচনা করে) বেশি। শতকরা হিসাবে ২৮ ভাগ বেশি।

এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২৭ হাজার ৩১৫ (মোট বাজেটের ৫৯ শতাংশ) কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে আসবে ১৮ হাজার ৬৮৫ (মোট বাজেটের ৪১ শতাংশ) কোটি টাকা।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রোববার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এডিপিতে এবার মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৯টি। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে ২০১১-১২ অর্থবছরের এডিপিতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৬২টি এবং নতুনভাবে বরাদ্দসহ অন্তর্ভূক্ত প্রকল্পের সংখ্যা ৭৭টি।

এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ-তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে ৮ হাজার ২৮৬ কোটি ৪৭ লাখ টাকা। পরিবহন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ৭৪৯ কোটি ৭৯ লাখ টাকা, শিক্ষা ও ধর্ম খাতে ৬ হাজার ১২৪ কোটি ৬৭ লাখ টাকা, ভৌত পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ৫ হাজার ৬৫১ কোটি ৬ লাখ টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ৪ হাজার ৪০২ কোটি ৮৫ লাখ টাকা এবং কৃষি ও পানিসম্পদ খাতে ৪ হাজার ১০৯ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে ২ হাজার ৯৪২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এনইসির সভা শেষে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বলেন, ‘অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক অর্থায়ন, ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বরাদ্দ অর্থের ব্যবহার, সরকারের নির্বাচনী ইশতেহার বিবেচনা করে এবারের এডিপির পরিকল্পনা করা হয়েছে।’

বিভিন্ন মন্ত্রণালয় উন্নয়ন বাজেটে আরও বরাদ্দ চাইলেও তা আমলে নেওয়া হয়নি কেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের সম্পদ সীমিত। তাই সবার চাহিদা অনুযায়ী বরাদ্দ দিতে পারি না। এই সীমিত সম্পদ দিয়ে কোন খাতে কত বিনিয়োগ করলে লাভ হবে তা বিবেচনা করেই এডিপি তৈরি করা হয়েছে।’

বৈদেশিক সাহায্যের কম ব্যবহার প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বিদেশি অর্থের অনেক শর্ত থাকে এবং এই অর্থ ছাড় করতে অনেক প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এসব কাজে অনেক সময় চলে যায়। তাই বৈদেশিক অর্থ ব্যয় কিছুটা কম হয়ে থাকে।’

তবে তিনি বলেন, ‘যদি বৈদেশিক অর্থের প্রকল্প বাস্তবায়ন বাড়ানো যায়, তাহলে এডিপি বাস্তবায়নের হার শতভাগের কাছাকাছি চলে যাবে।’

২০১০-১১ অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৬০ শতাংশ বলে উল্লেখ করেন মন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে একে খন্দকার বলেন, ‘৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই বরাদ্দ দেওয়া হয়েছে। প্রবৃদ্ধি বাড়াতে হলে শিল্প কারখানা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। আর এজন্য চাই বিদ্যুৎ ও জ্বালানি। এর সঙ্গে রাজনীতি বা অন্যকিছুর সম্পর্ক নেই। প্রবৃদ্ধি বাড়াতে হলে উন্নয়ন খাতে বরাদ্দ বাড়াতেই হবে। তাই এবারের এডিপির আকার বাড়ানো হয়েছে।

পরিকল্পনা সচিব এক প্রশ্নের জবাবে বলেন, ‘বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা কোনো ভালো লক্ষণ নয়। তাই এই সাহায্য যত কম নেওয়া যায় তত ভালো।’

সংশোধিত এডিপি
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ২০১০-১১ অর্থ বছরের সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাস এবং অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এতে অর্থ বিভাগ কর্তৃক জিওবি (বাংলাদেশ সরকার) খাতে সংশোধিত এডিপিতে ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় মোট এডিপির আকার দাঁড়িয়েছে ৩৫,৮৩০ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২৩,৯০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১১,৯৩০ কোটি টাকা।

কাজ না করা প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, প্রকল্প পরিচালকদের অনেকে তার প্রকল্প এলাকা চেনে না- বলে সভায় কথা ওঠে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যেসব প্রকল্প পরিচালক তার প্রকল্প এলাকায় যান না বা প্রকল্প এলাকা চেনেন না, তাদের বাদ দেওয়ার নির্দেশ দেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রী রংপুর সিটি করপোরেশনের জন্য আলাদা বাজেট রাখতেও নির্দেশ দেন।

(১৩৪৭) ধারাবাহিক

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দেশের দুই পুঁজিবাজার ছিল চাঙা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইতে ১৭৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৬৬ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর সূচক ৮০ পয়েন্টের মতো বেড়ে যায়। এরপর ১১ টা ৫ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সূচক কমে। পরবর্তীতে আবার বাড়তে থাকে সূচক, যা দুপুর ১টা পর্যন্ত অব্যাহত থাকে। এভাবে কয়েকবার ওঠানামা করে দিনশেষে ডিএসইর সাধারণ সূচক ৯২ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৪৮৯ পয়েন্টে। সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭১ পয়েন্টে উঠে আসে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল দুইটি প্রতিষ্ঠানের দাম।

রোববার ডিএসইতে মোট ৩ কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৪৯২টি শেয়ার ও ইউনিট ৯৬ হাজার ১৫২ বারে লেনদেন হয়। যার বাজার মূল্য মোট ৩৩০ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার টাকা। আগের কার্যদিবসে মোট লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানি ছিল- বিএসআরএম স্টিলস, এমআই সিমেন্ট, পিএলএফএসএল, আফতাব অটোমোবাইলস, বেক্সিমকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়্যারওয়েজ, আরএন স্পিনিং, মালেক স্পিনিং ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

এদিকে দাম বাড়ার দিক দিয়ে প্রথম দশ প্রতিষ্ঠান হলো- ওসিএল, কেপিসিএল, মাইডাস ফিন্যান্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, বিডি থাই, এশিয়া ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশন, রংপুর ফাউন্ড্রি ও আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

দাম কমার দিক দিয়ে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- অলটেক্স, আনোয়ার গ্যালভানাইজিং, ডুলামিয়া কটন, প্রভাতী ইন্স্যুরেন্স, এমবিএল প্রথম মি.ফা., রেকিট বেনকিজার, লিগ্যাসি ফুটওয়্যার, এপেক্স স্পিনিং, লাফার্জ সুরমা ও সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সাধারণ সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে উঠে আসে ৯ হাজার ৮৬৬ পয়েন্টে। সার্বিক সূচক ২৫৫ পয়েন্ট বেড়ে স্থির হয় ১৫ হাজার ৩৩০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির দামই বেড়েছে, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের দাম।

রোববার সিএসইতে লেনদেন হয় মোট ৪৫ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ১৬৩ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে মোট ৪৬ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৭০৮ টাকা।

(১৩৪৬) শেয়ারমার্কেট সংস্কার শীর্ষক সেমিনারে

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা গেলে পুঁজিবাজারের অস্বাভাবিক আচরণ (উত্থান-পতন) অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘যতদিন স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকবে, ততদিন ঝুঁকি ও অস্বাভাবিক আচরণ দূর করা সম্ভব হবে না।’

শনিবার সকাল ১১টায় হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) আয়োজিত শেয়ারমার্কেট সংস্কার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এই সেমিনারে প্রথম সেশনে বক্তব্য রাখেন এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম।

সেমিনারে সেশন চেয়ারপারসন হিসেবে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সালাহউদ্দীন আহমেদ খান।

ড. মশিউর রহমান বলেন, ‘শেয়ারবাজার বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে টাকা দিতে হবে এ কথা সঠিক হবে না। এর ফলে ভবিষ্যতে কী হবে সে হিসাব করতে গেলে দেখা যাবে, এর প্রভাব পড়বে মূল্যস্ফীতির ওপর।’

তিনি বিনিয়োগের নতুন পথ খুঁজে বের করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘সঞ্চয় রয়েছে কিন্তু বিনিয়োগ নেই। তার ফলে সাধারণ মানুষ বিনিয়োগের আশায় পুঁজিবাজারে ঝুঁকে পড়ছেন বেশি। দেশের বিনিয়োগ এখন ঋণ নির্ভর হয়ে পড়েছে। এক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঋণ নির্ভর।’

তিনি বলেন, ‘ঋণের টাকা দিয়ে বিনিয়োগ করা হলে সেখানে খাম-খেয়ালী থাকে। আর নিজের টাকায় করলে তার গুরুত্ব থাকে।’

এসইসির চেয়ারম্যান অধ্যাাপক এম খায়রুল হোসেন বলেন, অতীতের কর্মকা-ের জন্য এসইসির গৌরব অনেকটাই ভুলুণ্ঠিত হয়েছে। তাই ‘নৈতিকতার দিক থেকে এসইসিকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভলাটিলিটি ও মনিটরিং সার্ভিসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

পাশাপাশি ডিমান্ড ও সাপ্লাইয়ের ক্ষেত্রে সমম্বয় রাখার কথা উল্লে করে তিনি বলেন, ‘তা না হলে একটি গ্যাপ সৃষ্টি হয়, সেই গ্যাপেই বাজার বিভিন্ন আচরণ করে।’

তিনি বলেন, ‘ক্যাপিটাল মার্কেটকে বিকল্প বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোম্পানি আইন, এসইসি আইন পরিবর্তন করতে হবে।’

এম খায়রুল হোসেন বলেন, ‘বর্তমান কমিশন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন ও নতুন আইন তৈরির সুপারিশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারকে কাজে লাগাতে পারলে দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপাতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘শেয়ারবাজার দেশের জন্য শক্তি স্বরুপ। এই শক্তিকে কাজে লাগাতে হবে দেশে শিল্পায়ন গড়ে তোলার জন্য। কিন্তু আমরা এই শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। দেশে দু’এক ব্যক্তির কারণে পুঁজিবাজারের সুনাম নষ্ট হয়েছে। যার কারণে বিনিয়োগকারীদের কাছে অনাস্থার পাত্র হয়েছে পুঁজিবাজার।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের এই অনাস্থাকে আস্থায় পরিণত করা সম্ভব। তার জন্য এসইসির আইনের সংশোধন, তারল্য প্রবাহ বৃদ্ধি, জোরদার মোনিটরিং ও সময়পোয়োগী পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন।’

এদিকে ঢাকা স্টক এক্সেচঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেন, ‘পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করা হয়েছে। যদি তারা চলে যায়, তা অবশ্যই পুঁজিবাজারের জন্য ভালো ফল বয়ে আনবে না। আর এ প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।’

বাজারে স্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, ‘বাজারে চাহিদার সঙ্গে সরবরাহের অবশ্যই সামঞ্জস্যতা সৃষ্টি করতে হবে, সম্প্রতি যা করা সম্ভব হয়নি। এজন্য বাজারে পতন হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারে যারা খুব বেশি বিনিয়োগ করবে, তাদের জন্য প্রণোদনা দিতে হবে।’

মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল হক টিটো, ঢাকা বিশ্ববিদ্যারয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান ইমাম, সিপিডির সিনিয়র রির্সাচ ফেলো ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।


Blog Archive