সংবাদমাধ্যমে প্রচারিত খবরের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে সরকারি জোটের প্রায় সব নেতাই বিজয়ী হয়ে গেছেন। জনগণকে বিভ্রান্ত করার জন্য মহাজোট থেকে যাদেরকে বিরোধী দল বানানোর চেষ্টা হয়েছিল—সেই জাতীয় পার্টি প্রকাশ্য ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করার পরেও তাদের কোনো কোনো নেতা বিজয়ী হয়ে গেছেন। যাঁরা ইতিপূর্বে জামানত হারিয়েছেন—তাঁরাও বিজয়ী হয়েছেন। এ যেন বিজয়ের মহোত্সব। এ দেশের জনগণ কখনো এমন অবিশ্বাস্য ঘটনা দেখেনি। বিশ্বে এমন ঘটনা বিরল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রহসন বর্জন করার ফলে প্রকৃতপক্ষে নির্বাচনের নামে যা হচ্ছে—তা আর যা-ই হোক, নির্বাচন নয়।’ নজরুল ইসলাম খান আরও বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু তার দল এবং জোটের জন্য আসন বরাদ্দ করেনি—তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির জন্যও সিট বরাদ্দ করে দিয়েছে। বিশ্বের কোথাও সরকারি দল সম্ভাব্য বিরোধী দলের জন্য আসন বরাদ্দ করে বলে আমাদের জানা নেই। এমন হাস্যকর ঘটনা গণতন্ত্র এবং নির্বাচনের জন্য শুধু মর্মান্তিক নয়, আত্মবিধ্বংসী। ক্ষমতাসীন সরকারের জন্যও অনিবার্যভাবে এটা আত্মবিধ্বংসী হতে বাধ্য।’ নির্বাচন কমিশনকে ফরমায়েশি কমিশন আখ্যা দিয়ে এই বিএনপির নেতা বলেন, কমিশন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। জনগণ, বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজ কারোর মতামতকেই আমলে নিচ্ছে না সরকার ও নির্বাচন কমিশন। রাজনৈতিক সমঝোতার আগেই তফসিল ঘোষণার কারণে সারা দেশে প্রতিরোধ ও প্রতিবাদের আগুন জ্বলছে উল্লেখ করে এ জন্য বর্তমান সরকার এবং সরকারের নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, এরশাদ তাঁকে জানিয়েছেন, তিনি এই নির্বাচনের সঙ্গে নেই।আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানে জাতীয় পার্টির একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ এ কথা জানান। ববি হাজ্জাজ বলেন, পার্টির অবস্থান কী সে সম্পর্কে মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও ববি হাজ্জাজ মারফত এরশাদ যা বলবেন সেটিই হবে চূড়ান্ত বক্তব্য।আর যে যা-ই বলুক সেটি গ্রহণযোগ্য হবে না। ববি বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে তাতে গণতান্ত্রিক সরকার আসবে না বলেই পার্টির চেয়ারম্যান নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন।তিনি (এরশাদ) ও তাঁর ভাই মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলেও তা প্রত্যাহার হয়নি।সরকার এমন অনেক কিছুই করছে।কিন্তু তবুও এরশাদ নির্বাচনের সঙ্গে নেই। এরশাদ আটক না গ্রেপ্তার, এ ব্যাপারে প্রশ্ন করা হলে ববি হাজ্জাজ তা এড়িয়ে যান।তবে তিনি বলেন, এরশাদ সুস্থ আছেন।বহাল তবিয়তে আছেন।সরকারের শীর্ষ দুজন ব্যক্তি তাঁর (এরশাদ) সঙ্গে দেখা করেছেন বলে সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা এরশাদের চোখে পড়েছে।তিনি জানিয়েছেন কেউ তাঁর সঙ্গে সাক্ষাত্ করেননি।মির্জা ফখরুলসহ যাঁরা তাঁর মুক্তি দাবি করেছেন, এরশাদ তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দলের মহাসচিব ও জি এম কাদেরের পার্টির অবস্থান ব্যাখ্যা করার কথা থাকলেও ববি হাজ্জাজ কেন তা করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের যে অবস্থা তাতে তাঁদের ওপর অনেক চাপ।অন্য কোনো ধরনের চাপের কথা বলছি না।ওনাদের অনেক কাজের চাপ।’ বিকেল চারটার সময় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও বিভিন্ন সূত্র বলেছে ববি হাজ্জাজকে সরকারের একটি সংস্থা ডেকে নিয়ে গিয়েছিল।এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত
করেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা সদর বসুরহাট বাজারে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সোয়া তিনটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বসুরহাট মডেল উচ্চবিদ্যালয়ের পাশে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সার্ভার স্টেশনের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জামায়াত-শিবিরের কর্মীরা বেশ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে দুই পক্ষই গুলি ছুড়লে পুলিশের দুজন কনস্টেবলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার পল্লী উন্নয়ন কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, আনসার-ভিডিপি কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। বসুরহাট পৌরসভার জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন অভিযোগ করেন, ওই সংঘর্ষে পুলিশের গুলিতে এখন পর্যন্ত তাঁদের পাঁচজন কর্মী নিহত হয়েছেন। ওই পাঁচজনের মধ্যে মতিউর রহমান, সাইফুল ইসলাম, রফিক ও রায়হান নামের চার কর্মী আছেন। জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে
আমাদের ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে! বিজ্ঞানবিষয়ক একটি জার্নালে এমনটাই দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতোদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে, জীবনধারণের উপযোগী বিভিন্ন প্রোটিন তৈরি কীভাবে হবে, সেই নির্দেশই লুকিয়ে থাকে ডিএনএর মধ্যে। কিন্তু ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, সদ্য খুঁজে পাওয়া ডিএনএর এই দ্বিতীয় গোপন সঙ্কেত প্রোটিন গঠনের উপযোগী ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা জিনের কার্যকারিতা সরাসরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা সঙ্কেত নিজ থেকে প্রোটিনের জন্ম দেয় না। এই প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ন্ত্রণ করে ডিএনএর আরেকটি অংশ। গত চার দশক ধরে ডিএনএ সঙ্কেত নিয়ে কাজ করে দ্বিতীয় গোপন সঙ্কেত খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, জানালেন গবেষণাদলের প্রধান জন স্টেমাটোইয়ানপুলাস। তার দাবি, ডিএনএর একেবারে প্রথম দিকেই এই সঙ্কেত লিখা থাকে। পরে প্রোটিন সৃষ্টির সময় ওই সঙ্কেতই সামগ্রিক প্রক্রিয়াটির চেক পয়েন্ট বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। ডিএনএর যে ৬৪ অক্ষরের সঙ্কেত ধরে প্রোটিন তৈরির কাজ শুরু হয়, তাকে কোডন বলা হয়। ডিএনএর প্রথম দিকে এমন কয়েকটি সঙ্কেত থাকে, যা দ্ব্যর্থক। এদের নাম দেওয়া হয়েছে 'ডুয়ন'। ডুয়নের প্রথম অর্থ পড়ে প্রোটিন সৃষ্টি শুরু হয়। দ্বিতীয় অর্থ ট্রান্সলেশন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এসব জানালেন জন। মিউটেটেড জিন থেকে তৈরি হওয়া পরিবর্তিত এই প্রোটিন থ্যালাসেমিয়ার মতো রোগের কারণ। ডুয়নের মধ্যেই সমস্যা মোকাবিলার পথ দেখছেন গবেষণাদলের প্রধান জন।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, জনমতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। কেবলমাত্র নিজেদের দাম্ভিকতা ধরে রাখতেই এটা করছে তারা। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একগুঁয়েমি ত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন
আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল বা অবরোধের ঘোষণা দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটি আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। তৃতীয় দফার কর্মসূচি গতকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হয়। বিএনপির দপ্তর সূত্র জানায়, ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হবে না। এর আগে নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে ১৮ দলীয় জোট। এরইমধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মুখরিত করে তোলে সোহরাওয়ার্দী উদ্যান। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আন্দোলনে সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা জোটের একাধিক নেতাকর্মী নিহত-আহত হওয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপত্বি করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের সভাপতি নরুল ইসলাম বুলবুল প্রমুখ
বর্তমান সরকারের আত্মসমর্পণ মঞ্চ তৈরি হচ্ছে। দেশে যে গণ-আন্দোলন চলছে, তার শেষ পর্যায়ে এসেছি আমরা। একাত্তরে পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে তখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হয়। আর এখন সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে রাজধানীতে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হবে- আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই আইনজীবী বলেন, যারা আপনার চারপাশে বসে আপনাকে বিভ্রান্ত করছে, তারা কেউ আপনার পাশে থাকবে না। চরম মূল্য আপনাকেই দিতে হবে। খন্দকার মাহবুব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে তাদের পক্ষে নিতে চেয়েছিল। কিন্তু জামায়াতকে পক্ষে না পেয়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নামে ট্রাইব্যুনাল করেছে। খন্দকার মাহবুব বলেন, যুদ্ধপারাধীদের বিচার করুন, কিন্তু এমন বিচার করবেন না যেনো বিচারের জন্য আবারো বিচার হতে পারে। এ বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে না। দেশের মানুষ এই বিচার গ্রহণ করছে না। এ বিচারে মানুষ আজ বিতৃষ্ণা বোধ করছে, মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আজ আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের দেয়াল ভেঙে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, এলডিপির মহাসচিব এবিএম মোশারফ হোসেন, ছাত্র নেতা শাহাদাৎ হোসেন সেলিম, এবিএম খালিদ হাসান প্রমুখ
দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা দুইদিন সূচক ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার ফের তা নিম্নমুখী হয়েছে। সারা দিন বাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও লেনদেনের শেষ দিকে তা নামতে থাকে। যদিও গত কয়েকদিন লেনেদেনে চাঙ্গাভাব ছিল।
দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি না হলেও কয়েকদিন শেয়ারবাজারের লেনদেন অগ্রগতি হয়। কারণ হরতাল-অবরোধে অভ্যস্ত হয়ে ওঠে বিনিয়োগকারীরা। ফলে বাজার স্বাভাবিক লেনদেনে ফেরে। তবে আজ হঠাত্ করেই লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। এ অবস্থায় বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পাশাপাশি কমে সূচকের পরিমাণ। এমনকি লেনদেনও গতকালের চেয়ে অনেকটা কমে যায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসই-এক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৮ দশমিক ৭০ পয়েন্টে পৌঁছে। তবে এর পর থেকেই সূচক নামতে থাকে। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে যায়। আর বেলা সাড়ে ১২টা নাগাদ সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৯ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। এর পর দুপুর দেড়টার দিকে সূচক কমে ৪১ পয়েন্টে। আর দিন শেষে সূচক গত কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৯ দশমিক ৫৮ পয়েন্টে গিয়ে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা, যা গতকালের চেয়ে ১৫২ কোটি ৩০ লাখ টাকা কম। শেয়ার ও ডিবেঞ্চার বিক্রির পরিমাণ ১৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৫৭০টি।
দিন শেষে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে- এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ, গোল্ডেন সন, জেনারেশন নেক্সট, ডেল্টা স্পিনার্স, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, বেঙ্গল উইন্ডসর, গোল্ডেন হারভেস্ট ও বিচ হ্যাচারি।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সারা দিন একই অবস্থা বিরাজ করেছে। সকাল ১১টা নাগাদ সিএসই-এক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছিল। তবে এর পর থেকেই সূচক নামতে থাকে। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ২১ পয়েন্ট কমে যায়। আর বেলা সাড়ে ১২টা নাগাদ সূচক আগের দিনের চেয়ে ৫৪ দশমি ৯৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫২ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছিল। এর পর দুপুর দেড়টার দিকে সূচক কমে ৯৩ পয়েন্টে। আর দিন শেষে সূচক গত কার্যদিবসের চেয়ে ৭৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩৬ দশমিক ১৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।
আজ সিএসইতে লেনদেন হয়েছে মোট ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম। শেয়ার ও ডিবেঞ্চার লেনদেনের পরিমাণ ২ কোটি ১০ লাখ ৫৬ হাজার ২৩২টি। মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯৪৯ টাকা, যা গতকালের চেয়ে ২৩ কোটি ২২ লাখ ৩১ হাজার ৭০২ টাকা কম।
দিন শেষে সিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, ফারইস্ট ফিন্যান্স, বিচ হ্যাচারি, রহিমা ফুড ও বেক্সিমকো।